প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের প্রায় ছয় মাস পর অবশেষে শুরু হয়েছে সিলেটের বাসিয়া নদী পুনঃখননকাজ। মঙ্গলবার বেলা ১১টার দিকে নদীর সম্মুখ মুখ মাসুকবাজার এলাকায় খননকাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান নবারুন ট্রেডার্সের প্রতিনিধি মো. ওলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরদিনই নদীটির পুনঃখননকাজ শুরু হলো।
আরও পড়ুন: সিলেটে ১০ কোটি টাকায় বাসিয়া নদী পুনঃখনন শুরু হচ্ছে এ সপ্তাহে
এর আগে, চলতি বছরের ২ মে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও এলাকায় বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে উদ্বোধনের পর প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও মাঠপর্যায়ে কাজ শুরু না হওয়ায় প্রকল্পটির অগ্রগতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ২৩ দশমিক ২৫০ কিলোমিটার দীর্ঘ বাসিয়া নদী পুনঃখনন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি টাকা। এ কাজ বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান নবারুন ট্রেডার্স।
প্রকল্পের দায়িত্বে থাকা সিলেট পানি উন্নয়ন বিভাগের উপসহকারী প্রকৌশলী (সিলেট সদর ও বিশ্বনাথ) মো. সেলিম জাহাঙ্গীর চলতি সপ্তাহে খননকাজ শুরুর কথা জানিয়েছিলেন।
সিলেট পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী (পুর) মো. সানাউল কাদের খান জানান, বাসিয়া নদীর ২৩ দশমিক ২৫০ কিলোমিটার পুনঃখননকাজের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১০ কোটি টাকা ব্যয়ে নবারুন ট্রেডার্সকে কাজটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। খননকাজের জন্য ইতোমধ্যে এলাকায় এক্সকেভেটরও নিয়ে আসা হয়েছে।
তিনি আরও জানান, প্রকল্পের মেয়াদ ২০২৮ সালের জানুয়ারি পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে পুনঃখননকাজ সম্পন্ন করা হবে।
আজকের সিলেট/ জেকেএস









