বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

দেবী যাচ্ছেন কৈলাসে, অপেক্ষা আরেক শরতের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৬ ০২:৪৯:৩৬ অপরাহ্ন

দেবী যাচ্ছেন কৈলাসে, অপেক্ষা আরেক শরতের


দেবী দুর্গা ফিরে যাচ্ছেন কৈলাসে। মণ্ডপে মণ্ডপে বাজছে বিদায়ের সুর। কয়েক দিনের আনন্দ-উৎসব শেষে ভক্তদের মনে এখন বিষাদের ছায়া, সেই সঙ্গে আবারও এক বছর পর দেবীর আগমনের প্রতীক্ষা। বিদায়ের এই ক্ষণে হাসি-আনন্দে তাকে বরণ করে নেওয়ার মতোই ভালোবাসায় বিদায় জানাতে ব্যস্ত ভক্তরা।

বুধবার মহাদশমীতে মৌলভীবাজার শহরের বিভিন্ন পূজামণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। বিকেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। দেবী চলে যাবেন, থেকে যাবে স্মৃতি।  আর অপেক্ষা, আরেক শরতের।

সকাল ১০টার পর থেকে বিভিন্ন পূজামণ্ডপে আসতে শুরু করেন নারীরা। দেবীর চরণে সিঁদুর ছোঁয়ানোর পর তারা একে অপরের কপালে, সিঁথিতে ও গালে সিঁদুর মাখিয়ে দেন। কেউ পরিবারের সদস্যদের নিয়ে, কেউবা বন্ধুদের সঙ্গে সিঁদুর খেলায় মেতে ওঠেন। অনেকে মুঠোফোনে ছবি ও সেলফি তুলে স্মৃতির মুহূর্ত ধরে রাখেন।

মৌলভীবাজার শহরের ঘোষবাড়ির পূজামণ্ডপে সিঁদুর খেলায় অংশ নেন অন্নপূর্ণা ঘোষ। তিনি বলেন, বিজয়া দশমীতে সিঁদুর খেলা হয়। সবাই একসঙ্গে মিলিত হয়ে আনন্দের সঙ্গে উৎসব উপভোগ করছি। এই রীতিতে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা হয়। অনেকেই পূজামণ্ডপে সিঁদুর খেলেন, আবার কেউ কেউ বাড়িতেও এ আয়োজন করেন।

শহরের কেন্দ্রীয় কালীবাড়িতে কথা হয় কাকলি অর্জুন, রুমা পাল ও মুন্নি দাসের সঙ্গে। তারা জানান, বিবাহিত নারীরা সিঁদুর, পান ও মিষ্টি নিয়ে দেবী দুর্গার চরণে সিঁদুর ছোঁয়ান। এরপর একে অপরের কপাল, সিঁথি ও মুখে সিঁদুর মাখিয়ে দেন। দেবী দুর্গা কৈলাসে ফিরে যাবেন, আবার এক বছর পর আসবেন, এমন বিশ্বাস থেকেই বিদায়ের মুহূর্তেও হাসি-আনন্দে মেতে ওঠেন তারা।

কেন্দ্রীয় কালীবাড়ির পৌরহিত কন্দর্প নারায়ণ চক্রবর্তী বলেন, মণ্ডপে সকাল ১০টার দিকে সিঁদুর খেলা শুরু হয়। চলে দুপুর পর্যন্ত। বিকেলে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হবে। সন্ধ্যায় অপরাজিতা ধারণ করা হবে।

ধর্মীয় বিশ্বাস ও প্রচলিত রীতি অনুসারে, সিঁদুর খেলাকে সৌভাগ্য ও স্বামীর দীর্ঘায়ু কামনার সঙ্গে যুক্ত করা হয় বলে জানান তিনি।

জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাস জানান, বিকেলে প্রতিমা বিসর্জন শুরু হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর