সুনামগঞ্জের দিরাইয়ে মাতারগাঁও মোহাম্মদীয়া উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষার্থী আমেনা বেগম ও গালিবা করিম মাহাকে পুরস্কৃত করে উৎসাহ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার। এ স্বীকৃতিতে সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দুই শিক্ষার্থীকে পুরস্কৃত করায় ইউএনওর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে। এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় সাহস জোগানোর পাশাপাশি নতুন সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে বলে আশা করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের প্রত্যাশা, এ সম্মাননা অন্য মেধাবী শিক্ষার্থীদেরও পড়াশোনা ও বিভিন্ন ক্ষেত্রে ভালো ফল অর্জনে উৎসাহিত করবে।
গালিবা করিম মাহার বাবা ফয়ছল করিম বলেন, আমার মেয়ে গালিবার এই গৌরবময় অর্জন আসলে পুরো দিরাইবাসীর অর্জন, দিরাইয়ের প্রতিটি শিক্ষার্থীর অর্জন। সে আমাদের সবার মুখ উজ্জ্বল করেছে। আমি দেশবাসী ও দিরাইবাসীর কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা সবাই গালিবার জন্য দোয়া করবেন, যেন সে আগামীতে আরও বড় পরিসরে সাফল্য ও জয় ছিনিয়ে আনতে পারে এবং দেশের কল্যাণে অবদান রাখতে পারে।
মাতারগাঁও মোহাম্মদীয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসাইন বলেন, গালিবার এই গৌরবময় অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। মাতারগাঁও মোহাম্মদীয়া উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষার্থী যখন এত বড় সাফল্য ছিনিয়ে আনে, তখন শিক্ষক হিসেবে আমাদের বুক গর্বে ভরে ওঠে।
তিনি আরও বলেন, গালিবা শুধু আমাদের বিদ্যালয়ের নামই উজ্জ্বল করেনি, বরং পুরো দিরাইবাসীকে গর্বিত করেছে। তার এই অর্জন প্রমাণ করে যে, সঠিক ইচ্ছা ও পরিশ্রম থাকলে যেকোনো বাধা পেরিয়ে সাফল্য পাওয়া সম্ভব। আমি গালিবার সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আশা করি, সে আগামী দিনে আরও বড় সাফল্য অর্জন করে আমাদের এলাকার মুখ উজ্জ্বল করবে। সবাই তার জন্য দোয়া করবেন।
আজকের সিলেট/ জেকেএস
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি 








