প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ PM

প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬/০৯/২০২৬ ০৯:২৬:২৯ AM

প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল


দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের এই সফরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ১০টায় হেলিকপ্টারে করে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি। বেলা ১১টা ৪০ মিনিটে মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে হেলিকপ্টার অবতরণের পর তিনি যাবেন সার্কিট হাউসে। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে।

সার্কিট হাউসের কর্মসূচি শেষে রাষ্ট্রপতি শহরের সেনুয়া পাড়ার পারিবারিক কবরস্থানে যাবেন। সেখানে তাঁর বাবা সাবেক মন্ত্রী প্রয়াত মির্জা রুহুল আমীন ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন তিনি। এরপর কালীবাড়ির নিজ বাসভবনে যাওয়ার কথা রয়েছে তাঁর।

দুপুরের খাবার ও বিশ্রামের পর বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে নাগরিক কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন রাষ্ট্রপতি। দিনের কর্মসূচি শেষে রাতে নিজ বাসভবনেই থাকবেন তিনি।

সফরের দ্বিতীয় দিন সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ দিনের অন্যান্য কর্মসূচি শেষে রাষ্ট্রপতির নিজ বাসভবন ও সার্কিট হাউসে যাওয়ার কথা রয়েছে। এরপর হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়বেন তিনি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর