গোয়াইনঘাটের মাঠজুড়ে এখন আমন ধান রোপনের ব্যস্ততা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪২ PM

গোয়াইনঘাটের মাঠজুড়ে এখন আমন ধান রোপনের ব্যস্ততা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট থেকে

প্রকাশিত: ১৫/০৮/২০২৬ ০২:৫৫:৩৮ PM

গোয়াইনঘাটের মাঠজুড়ে এখন আমন ধান রোপনের ব্যস্ততা


রোদ বৃষ্টির সাথে পাল্লা দিয়ে গোয়াইনঘাটের মাঠজুড়ে এখন আমন ধান রোপনের ব্যস্ততা। সময়মতো বৃষ্টি হওয়ায় জমিতে পর্যাপ্ত পানি থাকায় কৃষকেরা দ্রুত গতিতে রোপন কাজ সেরে নিচ্ছেন।

উপজেলার প্রতিটি হাওর ও বিলে এখন শুধু সবুজ সারি সারি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারী-পুরুষ মিলে ব্যস্ত সময় পার করছেন। কেউ জমি চাষ করছেন, কেউ চারা রোপন করছেন, আবার কেউ আইল কেটে জমি তৈরি করছেন।

স্থানীয় কৃষক নুরুল আমিন বলেন, "আল্লাহর রহমতে এবার সময়মতো বৃষ্টি হয়েছে। জমিতে পানি আছে। তাই দেরি না করে ধান লাগাই দিতেছি। আশা করি ফলনও ভালো হবে।"

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার গোয়াইনঘাটে প্রায় ১৮হাজার ২৭০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে উফশী ও হাইব্রিড জাতের ধান বেশি রোপন হচ্ছে।

কৃষি কর্মকর্তা জানান, "কৃষকদের সময়মতো সার ও কীটনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের সম্ভাবনা আছে।"

তবে গত এক সপ্তাহ ধরে উপজেলার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। সকাল ১০টা হলেই রোদের তাপে মাঠে কাজ করা কঠিন হয়ে পড়ছে। দুপুরের দিকে গরমের তীব্রতায় মাঠ প্রায় ফাঁকা হয়ে যায়। শ্রমিক সংকট সহ অন্যান্য সামগ্রীর দাম বেশি হওয়ায় কিছুটা দুশ্চিন্তাও আছে কৃষকদের। তারপরও নতুন ফসলের স্বপ্ন নিয়ে মাঠে খাটছেন তারা।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে উপজেলার সব জমিতে আমন রোপন শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রণি জানান, এবছর গোয়াইনঘাটে আমন আবাদের লক্ষ্যমাত্রা ১৮২৭০ হেক্টর। এ পর্যন্ত প্রায় ৫০ ভাগ জমিতে আমান আবাদ হয়ে গেছে।পর্যাপ্ত পরিমাণ চারাও রয়েছে, বন্যা হয় নাই, তাই তারা প্রত্যাশা করছেন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমি আবাদ হবে। তিনি বলেন, "তীব্র গরমে কৃষক ও শ্রমিকদের মাঠে কাজ করা একটু কঠিন হয়ে পড়েছে। অনেক শ্রমিক ঝুঁকি নিয়ে কাজ করতে চায় না তাই একটু শ্রমিক সংকট।তিনি জানান দিনে গরম হলেও রাতে বৃষ্টি হচ্ছে,তাই আপাতত ফসলের ক্ষতির সম্ভাবনা নাই।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর