সিলেট-সুনামগঞ্জে বন্যার উন্নতির আভাস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:০৫ AM

সিলেট-সুনামগঞ্জে বন্যার উন্নতির আভাস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪/০৭/২০২৬ ০৬:৫৩:১৩ PM

সিলেট-সুনামগঞ্জে বন্যার উন্নতির আভাস


সিলেট ও সুনামগঞ্জে কুশিয়ারা নদীর পানি এখনও দুটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

তবে আগামী তিন দিনে ওই অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

শুক্রবার কেন্দ্র থেকে বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি নিয়ে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

তাতে বলা হয়, বর্তমানে দেশের ১টি নদীর পানি ২টি জেলার ২টি স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে বইছে। কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ এবং সুনামগঞ্জের মারকুলি স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যা সতর্কতায় বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীগুলোর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী দ্বিতীয় হ্রাস পেতে পারে ও তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। এর ফলে আগামী তিন দিনে সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

দেশের নদ-নদীগুলোর বিষয়ে সতর্কীকরণ কেন্দ্র বলছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদ-নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে এবং গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে।

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজশাহী বিভাগের নদ-নদীর বিষয়ে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আত্রাই ও ছোট যমুনা নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে, যা আগামী ৩ দিন অব্যাহত থাকতে পারে।

তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ছোট যমুনা নদী নওগাঁ এবং আত্রাই নদী নওগাঁ ও নাটোর জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এর ফলে এসব নদীর সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে এবং তিস্তা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী ৩ দিন এসব নদীর পানি হ্রাস পেতে পারে।

অন্যদিকে, পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অপরদিকে মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীগুলোর পানি সমতল হ্রাস পেয়েছে।

এসব নদীর পানি আগামী একদিন দিন বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর