সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।
গত রোববার সিলেট সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, শ্রীপুর, দমদমিয়া, প্রতাপপুর, সংগ্রাম, তামাবিল, সোনারহাট ও বিছনাকান্দি বিওপি এলাকায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি জানায়, সোনালীচেলা, শ্রীপুর, দমদমিয়া, প্রতাপপুর, সংগ্রাম, তামাবিল, সোনারহাট, বিছনাকান্দি বিওপির চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরু, জিরা, চিনি, টায়ার, শাড়ি, কম্বল, চকলেট, ক্রিম, অলিভ অয়েল, ফেসওয়াশ, সাবান, মেহেদি, বিস্কুট, বিড়ি, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে সুপারি, শিং মাছ ছাড়াও অবৈধভাবে নদী থেকে বালু ও পাথর উত্তোলনকারী বারকী নৌকাও আটক করা হয়েছে। জব্দ পণ্যের আনুমানিক মূল্য ৪৮ লাখ ৬৮ হাজার ৬৪০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে। আটক চোরাচালান পণ্যের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








