হাম ও রুবেলা প্রতিরোধে সিলেট জেলায় আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির আওতায় সিলেট জেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে টিকা প্রদান করা হবে।
সিলেট সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয় ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে এই টিকাদান কার্যক্রম। জেলার বিভিন্ন স্থানে স্থাপিত মোট ২,৮৮৯টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে প্রায় ৩ লক্ষাধিক শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে রয়েছে ১২টি স্থায়ী টিকাদান কেন্দ্র এবং ২,৮৮৮টি অস্থায়ী কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করবেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তির কাশি-হাঁচির মাধ্যমে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। সাধারণত জ্বর, কাশি, চোখ লাল হওয়া, শরীরে ফুসকুড়ি ইত্যাদি লক্ষণ দেখা যায়। জটিল ক্ষেত্রে নিউমোনিয়া, ডায়রিয়া এমনকি মৃত্যুও ঘটতে পারে।
সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেন, “সকল শিশুকে টিকার আওতায় আনতে স্বাস্থ্য বিভাগ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। এই কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন।”
এস/আর
সৈয়দ রাসেল আহমদ 








