উন্নয়ন থেকে বঞ্চিত দোয়ারাবাজারের বাঘড়া গ্রাম
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৫ PM

উন্নয়ন থেকে বঞ্চিত দোয়ারাবাজারের বাঘড়া গ্রাম

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে

প্রকাশিত: ১৪/০৪/২০২৬ ১০:২৬:১৬ AM

উন্নয়ন থেকে বঞ্চিত দোয়ারাবাজারের বাঘড়া গ্রাম


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের বাঘড়া গ্রাম এ যেন এক অবহেলিত জনপদ, যেখানে এখনো পৌঁছায়নি উন্নয়নের ছোঁয়া। আধুনিক বাংলাদেশের এই সময়ে দাঁড়িয়ে যোগাযোগ ব্যবস্থার অভাবে হাজারো মানুষ প্রতিনিয়ত চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, বছরকা বছর ধরে একটি কার্যকর রাস্তার অভাবে এলাকাটি প্রায় বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে পুরো এলাকা পরিণত হয় কাদার সাগরে, আর শুষ্ক মৌসুমেও কাঁচা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে কোনো যানবাহন চলাচল করতে পারে না স্থবির হয়ে পড়ে পুরো জনজীবন।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান,এই রাস্তায় গাড়ি চলা তো দূরের কথা,হেঁটে চলাও কষ্টকর হয়ে যায়। আমরা যেন অন্য এক পৃথিবীতে বাস করছি। মাওলানা কালাম মিয়া বলেন,নিজেদের টাকায় কাঠের সেতু বানিয়ে কোনোভাবে চলাচল করছি। কিন্তু এটা খুবই ঝুঁকিপূর্ণ, যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

সবচেয়ে হৃদয়বিদারক চিত্র উঠে আসে রশিক মিয়ার কণ্ঠে। তিনি বলেন,রাস্তার অভাবে সময়মতো হাসপাতালে নিতে না পারায় আমার বাবার মৃত্যু হয়েছে। এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।তোতা মিয়া জানান,গর্ভবতী নারী, অসুস্থ রোগী বা বৃদ্ধদের কাঁধে তুলে কাদার রাস্তা পাড়ি দিতে হয়। অনেক সময় পথেই রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যায়।

সরেজমিনে দেখা গেছে, প্রতি বর্ষায় অস্থায়ী বাঁশ কাঠের সেতু ও চলাচলের পথ আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। নেই কোনো নিয়মিত যানবাহন,ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিশু থেকে বৃদ্ধ প্রতিটি মানুষ প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন।

একটি জনবসতিপূর্ণ এলাকায় যখন একটি নিরাপদ রাস্তা বা কালভার্ট নেই, তখন তা শুধু অবহেলা নয় এটি মানবিক সংকট। প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঘড়া গ্রামের মানুষ মৌলিক যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন।
এলাকাবাসীর অভিযোগ, জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে বারবার আবেদন জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ এখনো দৃশ্যমান হয়নি। 

তাদের একটাই দাবি, একটি টেকসই পাকা রাস্তা, একটি নিরাপদ ব্রিজ/কালভার্ট এগুলো নির্মাণ করা হলে বদলে যাবে পুরো এলাকার চিত্র।শিক্ষা,চিকিৎসা ও অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মনে করেন তারা।

এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, বাঘড়া এলাকার যোগাযোগ সমস্যাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় করে টেকসই সমাধানের পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর