কোম্পানীগঞ্জ উপজেলায় সাদাপাথর বোঝাই একটি ট্রাক্টর উল্টে সুহান মিয়া (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত সুহান মিয়া উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ি গ্রামের আব্দুল হকের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাক্টরের চালক আলীম উদ্দিন।
রোববার ভোরে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজারের উত্তরে ধলাই নদীর পাড় থেকে সাদাপাথর বোঝাই করে একটি ট্রাক্টর কলাবাড়ি মাদ্রাসার পেছনের প্রধান সড়ক দিয়ে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে গেলে এতে থাকা শ্রমিক সুহান মিয়া নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। একই ঘটনায় চালক আলীম উদ্দিনও আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুহান মিয়াকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত চালক আলীম উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
পুলিশ সুহানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
কোম্পানীগঞ্জ প্রতিনিধি 








