পুলিশ হেফাজত থেকেই লাপাত্তা দুই আসামি, বিয়ানীবাজারে চাঞ্চল্য
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫২ PM

পুলিশ হেফাজত থেকেই লাপাত্তা দুই আসামি, বিয়ানীবাজারে চাঞ্চল্য

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৪/২০২৬ ০৪:৪২:২০ PM

পুলিশ হেফাজত থেকেই লাপাত্তা দুই আসামি, বিয়ানীবাজারে চাঞ্চল্য


বিয়ানীবাজারে পুলিশের হেফাজতে থাকা দুই চোর চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটককৃতরা হলেন—ছয়ফুল ইসলাম (৩০ সালমান আহমদ (২৮), এমরান আহমদ (২৮)।

শুক্রবার বিকেলে উপজেলার বারইগ্রাম থেকে সিএনজি গাড়ি চুরির অভিযোগে আটক তিনজনকে থানায় নেওয়ার পথে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বারইগ্রাম এলাকা থেকে একটি সিএনজি গাড়ি চুরি হয়। পরদিন সকালে গাড়ির মালিক ফেরদৌস আহমেদ বিষয়টি স্থানীয় শ্রমিক সংগঠনের নেতাদের অবহিত করেন। পরে সন্দেহভাজন হিসেবে ছয়ফুল ইসলামকে আটক করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুইজন সালমান আহমদ ও এমরান আহমদকে আটক করা হয়।  জিজ্ঞাসাবাদে তারা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বলে দাবি স্থানীয়দের।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে এসআই ওবায়দুলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক তিনজনকে নিজেদের হেফাজতে নেয়।

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) ছবেদ আলী জানান, থানায় নিয়ে যাওয়ার পথে বারইগ্রাম-বিয়ানীবাজার আঞ্চলিক সড়কের চন্দগ্রাম এলাকায় পৌঁছালে চলন্ত সিএনজি গাড়ি থেকে লাফ দিয়ে ছয়ফুল ইসলাম ও সালমান আহমদ পালিয়ে যায়। অপর আসামি এমরান আহমদ পুলিশের হেফাজতেই রয়েছে।

তিনি আরও জানান, পলাতক দুই আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, স্থানীয় শ্রমিক সংগঠনের সদস্যরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় চুরির ঘটনা ঘটছে। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় আসামিদের পালিয়ে যাওয়া উদ্বেগজনক।

পুলিশ ও স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক আসামিদের ধরিয়ে দিতে পারলে পুরস্কার প্রদান করা হবে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর