দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও সেচ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে বাজার স্থিতিশীল করতে সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আগামী ১৪ এপ্রিল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে ‘কৃষক কার্ড’ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন, যা কৃষিখাতে এক নতুন বিপ্লব নিয়ে আসবে।
শনিবার দুপুরে সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রায় ৩ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সকল তথ্য একটি কেন্দ্রীয় ডাটাবেজে সংরক্ষিত থাকবে। এর ফলে সার, বীজ, কীটনাশক ও কৃষি ঋণসহ সব ধরনের সরকারি সেবা পাওয়া আরও সহজ হবে। এমনকি প্রাকৃতিক দুর্যোগ বা ফসলের ক্ষতির তথ্যও দ্রুত কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।’
সিলেটের কৃষির উন্নয়নে সেচ ব্যবস্থার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, সিলেটের বাসিয়া খালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাল পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। সুরমা নদী থেকে শুরু করে দক্ষিণ সুরমা ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকা পর্যন্ত বিস্তৃত এসব খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা দূর করার পাশাপাশি শুকনো মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করা হবে। এতে বছরে অতিরিক্ত একটি ফসল উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে মন্ত্রী আরও জানান, সরকার ধাপে ধাপে দেশের সব কৃষি জমির ম্যাপিং কার্যক্রম পরিচালনা করবে। এর মাধ্যমে কোন অঞ্চলে কোন ফসল চাষ সবচেয়ে লাভজনক, সেই তথ্য কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। তিনি কৃষকদের কোনো জমি ফেলে না রেখে চাষাবাদের আওতায় আনার আহ্বান জানান।
অনুষ্ঠানে সিলেট সদর উপজেলার ৩ হাজার কৃষকের প্রত্যেকের মাঝে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সারসহ মোট ২৫ কেজি করে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








