লালাখালে অবৈধ ইঞ্জিন নৌকা ধ্বংস, রাংপানিতে জরিমানা ও কারাদণ্ড
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:০১ PM

জৈন্তাপুরে সাঁড়াশি অভিযান

লালাখালে অবৈধ ইঞ্জিন নৌকা ধ্বংস, রাংপানিতে জরিমানা ও কারাদণ্ড

ইমাম উদ্দিন, জৈন্তাপুর থেকে

প্রকাশিত: ২৮/০৩/২০২৬ ০৮:৫৪:৪৫ PM

লালাখালে অবৈধ ইঞ্জিন নৌকা ধ্বংস, রাংপানিতে জরিমানা ও কারাদণ্ড


জৈন্তাপুর উপজেলায় অবৈধ কর্মকাণ্ড ও পরিবেশ দূষণ রোধে একদিনে দুটি পৃথক স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার লালাখাল ও রাংপানি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ইঞ্জিন নৌকা জব্দ ও ধ্বংস করা হয় এবং পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে জরিমানা আদায় করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জৈন্তাপুর উপজেলার পর্যটন এলাকা লালাখালে একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালে স্রোতের তীব্র প্রতিকূলতা উপেক্ষা করে দুর্গম পথ পাড়ি দিয়ে দুটি বড় ইঞ্জিনচালিত ভারি নৌকা জব্দ করা হয়। পরে নৌকা দুটি জনসম্মুখে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ধ্বংসকৃত নৌকা ও ইঞ্জিনের আনুমানিক বাজারমূল্য কমপক্ষে ২ লক্ষ টাকা।

অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বেশ কিছু অবৈধ নৌকা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। ফলে সবাইকে আটক করা সম্ভব না হলেও অবৈধ কার্যক্রমে ব্যবহৃত সরঞ্জামগুলো অকেজো করে দেওয়া হয়েছে।

অভিযান শেষে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন,লালাখালের পরিবেশ রক্ষা এবং সরকারি নির্দেশ অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন বা যাতায়াত বন্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। আজ আমরা সফলভাবে দুটি বড় ইঞ্জিন নৌকা ধ্বংস করেছি। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে গেলেও তাদের ওপর আমাদের নজরদারি রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

অপরদিকে একই দিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত জৈন্তাপুর উপজেলার রাংপানি এলাকায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬/১৫ ধারা লঙ্ঘনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ অভিযানে দুইটি মামলায় দুইজনকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে একজনকে ১৫ দিনের এবং অপরজনকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রাণী দেব। তিনি বলেন,পরিবেশ সংরক্ষণ আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের আইন প্রতিপালনে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধিই এই অভিযানের মূল লক্ষ্য বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর