হবিগঞ্জ জেলায় ডিউটিরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মৃত পুলিশ সদস্য মোশাররফ হোসেন দুলাল (৫৯) শায়েস্তাগঞ্জ ট্রাফিক বিভাগ-এ কর্মরত ছিলেন।
সোমবার সকালে এ ঘটনা ঘটে।
জেলা ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (প্রশাসন) আব্দুন নুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর এলাকায় দায়িত্ব পালনকালে তিনি বুকে ব্যথা অনুভব করেন। সহকর্মীরা দ্রুত তাকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল-এ নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোশাররফ হোসেন দুলালের বাড়ি নবীনগর উপজেলার ভাঙ্গুরা বড়বাড়ী এলাকায়। তিনি এক ছেলে ও তিন মেয়ের জনক। জানা গেছে, আরও ছয় মাস পর তার অবসরে যাওয়ার কথা ছিল।
বেলা আড়াইটায় হবিগঞ্জ পুলিশ লাইনস-এ জানাজা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








