সিলেট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের পাশাপাশি জেলা পরিষদকে একটি প্রকৃত জনগণের পরিষদ হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করবেন। জেলা পরিষদের মাধ্যমে যেন জনগণের উন্নয়ন কর্মকাণ্ডে কার্যকর অবদান রাখা যায়, সে লক্ষ্যেই তিনি দায়িত্ব পালন করবেন।
সোমবার সকালে সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জেলা পরিষদের কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না। এসব বিষয়ে তিনি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করবেন বলে জানান। আমার রাজনৈতিক জীবনে কোনো কালিমা নেই। আশির দশক থেকে সিলেটে রাজনীতি করে আসছি। সিলেটের নেতৃবৃন্দ ও সাংবাদিক বন্ধুরা কেউ বলতে পারবেন না যে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে।
তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে এই দায়িত্ব দিয়েছেন। এটিকে তিনি একটি আমানত হিসেবে মনে করেন।
আবুল কায়ের চৌধুরী বলেন, এই আমানতের রক্ষা করা এবং সরকারের সব কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার জন্য জেলা পরিষদের যে সামর্থ্য আছে, তা দিয়েই আমি জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করব।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








