গোয়াইনঘাট উপজেলার ফতেহপুরে সুমন মিয়া (১৭) নামে এক কিশোরের মুখবাঁধা গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমন মিয়া ফতেপুর ৩য় খন্ড গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রী।
বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে ফতেপুর ৩য় খন্ড গ্রামের একটি পোল্ট্রিফার্ম থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে ফতেপুর ৩য় খন্ড গ্রামের পোল্ট্রিফার্মের মালিক মাওলানা আব্দুল করিমের ছেলে মোস্তাক আহমদ রাত ১০ টার দিকে মোবাইল ফোনে অবগত করেন যে তাদের মালিকানাধীন পোল্ট্রি ফার্মে মুখবাধা অবস্থায় একজনের জবাই করা মরদেহ পড়ে আছে।
খবর পেয়ে ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই উৎসুক জনতা মরদেহের মুখ খোলে সুমনের পরিচয় সনাক্ত করেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি মনিরুজ্জামান বলেন, ফতেপুর ৩য় খন্ড গ্রামের পোল্ট্রিফার্মে এক কিশোর হত্যার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা থানা থেকে রওয়ানা হয়েছি।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, ফতেহপুর ইউনিয়নের ফতেপুর ৩য় খন্ড গ্রামে পোল্ট্রিফার্মে একজন কিশোরের মুখ বাঁধা অবস্থায় জবাই করা লাশের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে গোয়াইনঘাট থানাকে অবগত করা হয়েছে।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








