মৌলভীবাজার ভাতিজাকে শাসন করাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে তামিম আহমদ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। নিহত কিশোর তামিম ওই এলাকার ডাব বিক্রেতা শাহেদ আলীর কনিষ্ঠ সন্তান।
বুধবার সন্ধ্যায় শহরের টিবি হাসপাতাল সংলগ্ন সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, শিশু ভাতিজা মিথ্যা কথা বলায় চাচা তামিম তাকে একটি চড় মারে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই শিশুর বাবা হানিফ রাগের মাথায় তানিমকে গলায় ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্ত হানিফ মিয়ার ছেলে মিথ্যা কথা বলায় তার চাচা তামিম তাকে শাসন করতে গিয়ে একটি চড় মারে। পরে চড় মারার বিষয়টি ওই শিশুটি তার বাবা হানিফ মিয়াকে জানালে তিনি প্রচণ্ড ক্ষিপ্ত হন।
এরপর হানিফ মিয়া তামিমকে ডেকে নিয়ে শার্টের কলার চেপে ধরে গলায় ছুরিকাঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তামিমের মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান।
নিহতের বড় বোন তানিয়া বেগম বলেন, ৬ মাস আগে হানিফ আমার আরেক ভাইয়ের হাত কেটে ফেলেছিল। ওই ঘটনায় সে দীর্ঘদিন জেলেও ছিল। আজ আমার ছোট ভাইটাকে মেরেই ফেলল। তামিম খুব ভালো ছেলে ছিল, সে বাবার সাথে ডাব বিক্রিতে সাহায্য করত।
ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত হানিফ মিয়াকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ‘নিহত কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








