মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলন রোধে দুইজনকে জরিমানা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৪ PM

মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলন রোধে দুইজনকে জরিমানা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৩/২০২৬ ১০:০৪:৪৪ PM

মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলন রোধে দুইজনকে জরিমানা


হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু পরিবহন ও ফসলি জমির মাটি উত্তোলন রোধে পরিচালিত পৃথক অভিযানে দুই ব্যক্তিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

সোম ও মঙ্গলবার মার্চ উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, গত ৯ মার্চ বিকেলে একটি অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার ছেনু মিয়ার ছেলে মো. ইমন মিয়াকে অবৈধ বালু পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে ১০ মার্চ অপর এক অভিযানে মাধবপুর উপজেলার আফজালপুর এলাকার খেলু মিয়ার ছেলে মো. খলিল মিয়াকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী এই দণ্ড প্রদান করা হয়েছে এবং জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানকালে অবৈধ বালু ও মাটি পরিবহনে ব্যবহৃত দুইটি ট্রাক্টর জব্দ করে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রে জমা রাখা হয়েছে। অভিযানে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।

সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবেশ রক্ষা এবং কৃষিজমির উর্বরতা বজায় রাখতে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ও অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর