মহানগরীর এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে কর্মরত এক কর্মচারীর উপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ ফাহিম আহমদ (২১),তামিম আহমদ (১৯), তানজিম আহমদ সজীব (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার আনুমানিক বিকেল সাড়ে ৫টার দিকে এয়ারপোর্ট থানার চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে মোটরসাইকেলযোগে আসা কয়েকজন যুবক জ্বালানি তেল নেওয়ার জন্য সিরিয়াল ভেঙে আগে তেল সরবরাহের চেষ্টা করে। এ সময় পাম্প কর্মচারী নিয়ম অনুযায়ী সিরিয়াল মেনে তেল নেওয়ার কথা বললে তাদের সঙ্গে বাকবিতণ্ডা সৃষ্টি হয়।
এক পর্যায়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে পাম্পের কর্মচারী জাহাঙ্গীর আলমের উপর হামলা চালায়। তারা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
ঘটনার পর আহত জাহাঙ্গীর আলম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্রের নেতৃত্বে পুলিশ তাদের গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








