যুদ্ধের প্রভাব বাণিজ্যে পড়লেও দ্রব্যমূল্য বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৮ PM

যুদ্ধের প্রভাব বাণিজ্যে পড়লেও দ্রব্যমূল্য বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০/০৩/২০২৬ ০৯:৫৬:২৬ PM

যুদ্ধের প্রভাব বাণিজ্যে পড়লেও দ্রব্যমূল্য বাড়বে না: বাণিজ্যমন্ত্রী


বস্ত্র, পাট, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ইরান–ইসরায়েল যুদ্ধের কারণে বাণিজ্যে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে এই মুহূর্তে দেশে দ্রব্যমূল্য বাড়ার কোনো শঙ্কা নেই। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার উত্তর সূরিয়ারপাড় গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ইরান–ইসরায়েল যুদ্ধে বাণিজ্যে কিছু প্রভাব পড়বেই। সাগরপথ যদি দীর্ঘদিন বন্ধ থাকে, তাহলে নৌপথে পরিবহন খরচ বাড়বে। তবে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সময় দীর্ঘদিন বিনিয়োগে বন্ধাত্ব ছিল। বিনিয়োগ না হলে কর্মসংস্থান হয় না। কর্মসংস্থান না হলে মানুষের ক্রয়ক্ষমতা কমে যায় এবং দারিদ্র্য বাড়ে। বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ফ্যামিলি কার্ড ছিল বিএনপি এবং প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার। সরকার গঠনের মাত্র ২১ দিনের মাথায় দেশের ১০টি প্রত্যন্ত অঞ্চলে এই কার্ড বিতরণ শুরু হয়েছে। মানুষের মুখে হাসি ফোটানো ও পরিবারগুলোকে স্বচ্ছল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

অনুষ্ঠানে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাধানগর, উত্তর সূরিয়ারপাড় ও আকিলশাহ গ্রামের ৬৯৭ জন নারীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

ডেপুটি কমিশনার (ডিসি) মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য নাছির চৌধুরী, সুনামগঞ্জ–৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ–১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমেদ এবং সমাজসেবা বিভাগের বিভাগীয় পরিচালক মো. শহীদুল ইসলাম, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার প্রমূখ।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর