সিলেট মেট্রোপলিটন পুলিশ -এর মাসিক কল্যাণ সভা সোমবার সকাল ১১টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন এসএমপি’র মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
সভা শুরুর প্রারম্ভে পুলিশ কমিশনার গত কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিকট জানতে চান। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন। পরবর্তীতে তিনি সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের কল্যাণসংক্রান্ত প্রস্তাব উপস্থাপনের আহ্বান জানান। উপস্থিত সদস্যদের উত্থাপিত বিষয়সমূহ মনোযোগসহকারে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
সভায় পুলিশ কমিশনার উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করতে হবে। চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে প্রত্যেক সদস্যকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শনেরও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, একটি সত্যিকারের মানবিক পুলিশ বাহিনী গড়ে তুলতে হলে প্রথমেই বাহিনীর সদস্যদের কল্যাণ ও ওয়েলফেয়ারের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের আরও আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি মানবিক পুলিশিং চর্চা জোরদার করতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।
কল্যাণ সভায় এএসআই (নিঃ) আবুল হোসেনকে ব্যক্তিগত চিকিৎসার জন্য ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) জনাব মাসুদ রানা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব রিয়াজুল কবির, পিএসসি; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) জনাব সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব আফজাল হোসেনসহ সকল থানার অফিসার ইনচার্জ, আরওআই, আরআই পুলিশ লাইন্স এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।
মাসিক এ কল্যাণ সভা পুলিশ সদস্যদের কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মানবিক পুলিশিং কার্যক্রম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








