সিলেট নগরের সার্কিট হাউজে এক বৈঠকে বসে বাণিজ্য, পানি সম্পদ ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তিন মন্ত্রী নিজ নিজ খাতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও অগ্রাধিকারের কথা জানিয়েছেন।
শনিবার সকালে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাঁরা এসব কথা বলেন। বৈঠকে সিলেটের সার্বিক উন্নয়ন, বাজার পরিস্থিতি, নদীভাঙন ও প্রবাসী শ্রমবাজার এসব বিষয়ে আলোচনা হয়।
কর নয়, জিডিপিতে জোর
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, অর্থমন্ত্রী ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়ানোর কথা বলেছেন, ব্যক্তি পর্যায়ে কর বাড়ানোর কথা বলেননি। তাঁর ভাষ্য, করজাল সম্প্রসারণ ও রাজস্ব আহরণে দক্ষতা বাড়ানোই সরকারের লক্ষ্য। বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, রমজানের বাকি সময় ও পরবর্তী কয়েক মাস নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আনুষ্ঠানিক আলোচনার জন্য বাংলাদেশ চিঠি দিয়েছে বলেও জানান তিনি।
দুর্নীতিমুক্ত প্রশাসন বড় চ্যালেঞ্জ
পানি সম্পদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘদিনের দুর্নীতি দেশকে পিছিয়ে দিয়েছে। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা এখন বড় চ্যালেঞ্জ। প্রয়োজনে কঠোর নজরদারির মাধ্যমেও জনগণের সেবা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
নদীভাঙন প্রসঙ্গে তিনি বলেন, সিলেট সদর উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভাঙনরোধে টেকসই প্রকল্প গ্রহণ করা হচ্ছে।
বন্ধ শ্রমবাজার খুলতে উদ্যোগ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে প্রবাসী কর্মসংস্থান বাড়াতে সরকার কাজ করছে।
বৈঠক শেষে তিন মন্ত্রী সিলেট সদর উপজেলার বিভিন্ন নদীভাঙন এলাকা পরিদর্শন করেন। তাঁরা বলেন, ভাঙন রোধ ও দুর্যোগ প্রশমনে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








