সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগী হয়েছেন বলে জানিয়েছেন। এর অংশ হিসেবে সিলেটের বালাগঞ্জে কুশিয়ারা নদীতে ফেরিঘাট স্থাপন (বালাগঞ্জ প্রান্ত) কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ২টায় বালাগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এম এ মালিক বলেন, বালাগঞ্জ বাজারের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের।
সেতু নির্মাণ সময়সাপেক্ষ হওয়ায় অন্তর্বর্তী সমাধান হিসেবে মৌলভীবাজারের সঙ্গে যোগাযোগ সহজ করতে ফেরিঘাট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। গণতান্ত্রিক ব্যবস্থায় মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করা তার অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি।
এম এ মালিক বলেন, জনগণের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে।
বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্কুল, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলা বাজারসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোর সংস্কার এখন সময়ের দাবি বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দেশ গণতান্ত্রিক সরকার দ্বারা পরিচালিত। গণতন্ত্রে আইনের শাসন ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সরকার, রাজনীতিবিদ ও গণমাধ্যম- সবার সমন্বিত ভূমিকা প্রয়োজন।
গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অবহেলিত এলাকার সমস্যা ও উন্নয়ন চাহিদা তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হবে। প্রচার-প্রচারণার মাধ্যমে জনগণের কণ্ঠস্বর জোরালো হলে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হবে।
মুক্ত সাংবাদিকতার প্রসঙ্গে তিনি বলেন, তার দল ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে। স্থানীয় সংসদ সদস্য হিসেবে সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান, প্রশাসনিক কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দর নুর, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সিনিয়র সহসভাপতি লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আজমান আলী জুয়েল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেফুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন মুকিত, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল মাহমুদ, প্রতিষ্ঠাতা সভাপতি ইশতিয়াক হোসেন দুদুসহ প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
বালাগঞ্জ প্রতিনিধি 








