মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উঁচাপুল এলাকার মজিদ মঞ্জিল নামে একটি বাড়ির কক্ষের সিলিং থেকে একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার সাপটি দেখতে পেয়ে ঘরের লোকজন আতঙ্কিত হয়ে দ্রুত বাইরে বেরিয়ে যান। তাদের চিৎকারে আশপাশের এলাকাবাসী জড়ো হন এবং প্রথমে সাপটিকে মারার প্রস্তুতি নেন। তবে উপস্থিত এক সচেতন ব্যক্তি মুঠোফোনে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন খবর দেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টার চেষ্টায় অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত অজগর সাপটি প্রয়োজনীয় ব্যবস্থার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
ভবিষ্যতে কোনো বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত হয়ে হত্যা না করে বন বিভাগ বা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়ার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকাবাসীর উদ্দেশ্যে অনুরোধ জানানো হয়েছে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 








