গোয়াইনঘাটে সারী সড়কের পুকাশ নামক স্হানে হাতিরপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জসিম উদ্দিন উপজেলার ৯নং ডৌবাড়ী ইউনিয়নের ঘোষগ্রাম গ্রামের আব্দুল হকের ছেলে।
সোমবার সন্ধ্যায় এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হলেন একই ইউনিয়নের দাতারী গ্রামের মৃত ইছা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (২৭) এবং যাত্রাভা গ্রামের জমির উদ্দিনের ছেলে ইয়ামত (১৮)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,সারী সড়কে সংস্কার কাজ চলমান। সংস্কারাধীন সড়কের অসমান ও ঝুঁকিপূর্ণ অংশে মোটরসাইকেলটি দ্রুত গতির পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই জসিম উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন এবং আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে গোয়াইনঘাট থানার ওসি মনিরুজ্জামান জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলে হেলমেট বিহীন তিনজন আরোহী ছিল।
দুর্ঘটনায় তিনজনই গুরুতর আহত হয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে একজন মারা যায় এবং দুইজনকে উন্নত চিকিৎসায় ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়েছে।তিনি আরো জানান, অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
গোয়াইনঘাট প্রতিনিধি 








