সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর ধারা ২৫ক (১) অনুযায়ী করপোরেশনের নতুন বোর্ড গঠন না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি প্রশাসকের দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা পাবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করা হয়। এরপর সিলেটের বিভাগীয় কমিশনারকে অস্থায়ীভাবে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল। নতুন নিয়োগের মাধ্যমে সেখানে রাজনৈতিক পটভূমির একজন নেতাকে প্রশাসনিক দায়িত্বে আনা হলো।
আব্দুল কাইয়ুম চৌধুরী সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে দলীয় মনোনয়ন পাননি। পরে সিলেট বিভাগের ছয়টি আসনে বিএনপির নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








