দিল্লিতে ৪০ মিনিট পুলিশ হেফাজতে সমন্বয়ক মাহদী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০১ PM

দিল্লিতে ৪০ মিনিট পুলিশ হেফাজতে সমন্বয়ক মাহদী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮/০২/২০২৬ ০৪:৫১:৩৯ PM

দিল্লিতে ৪০ মিনিট পুলিশ হেফাজতে সমন্বয়ক মাহদী


‘এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম’- বলে ওসিকে প্রকাশ্যে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদী হাসান ইউরোপের উদ্দেশে ভারতে গেলে দিল্লিতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বুধবার দিল্লি বিমানবন্দরে তাকে প্রায় ৪০ মিনিট পুলিশ হেফাজতে রেখে পরে বাংলাদেশে পাঠানো হয়। বিষয়টি মাহদী হাসান নিজেই নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার দিল্লিতে ফিনল্যান্ডের দূতাবাসে অবস্থান করছেন- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়।

বাংলাদেশে ফেরার আগে ফেসবুক লাইভে মাহদী বলেন, ‘আমি দিল্লি বিমানবন্দর থেকে বলছি। আমার সঙ্গে যা ঘটেছে, তা দেশে গিয়ে সংবাদ সম্মেলনে জানাব। এখানে আমাকে প্রায় ৪০ মিনিট পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

আমি আমার দেশের দূতাবাসে কথা বলতে বলেছিলাম। এরপরও আমার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। পরে দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করে আমাকে দেশে পাঠানো হচ্ছে।’

মাহদী হাসান বৈষম্যবিরোধী আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক।

গত ১ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় এনামুল হাসান নয়ন নামে এক তরুণকে আটক করা হলে তিনি সেখানে যান। এ সময় ‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম’- এমন বক্তব্য দিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসি প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এ ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে আন্দোলনের মুখে ২৪ ঘণ্টার আগেই তিনি জামিনে মুক্তি পান।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর