সুনামগঞ্জের দিরাই উপজেলায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ছিনিয়ে নেওয়া ব্যক্তির নাম সাজ্জাদ মিয়া (৪৫)। তিনি জগদল ইউনিয়নের হুসেনপুর গ্রামের ওয়াফছর মিয়ার ছেলে।
সোমবার বিকেলে উপজেলার জগদল ইউনিয়নের হুসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালের চেক জালিয়াতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাজ্জাদ মিয়াকে সোমবার বিকেলে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন দিরাই থানার এসআই হেলাল মিয়া। গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে মোটরসাইকেল যোগে থানায় আসার সময় বাড়ির সামনের রাস্তায় পুলিশের উপর হামলা চালায় সাজ্জাদের স্বজনরা। এ সময় হাতকড়াসহ সাজ্জাদকে ছিনিয়ে নেয় তারা।
পরে স্থানীয় ইউপি সদস্য লায়েক মিয়ার মধ্যস্থতায় হাতকড়াটি উদ্ধার করে পুলিশের কাছে ফেরত দেওয়া হয়। গ্রামবাসীর উদ্যোগে সাজ্জাদ মিয়াকে পুনরায় পুলিশের কাছে সোপর্দ করার বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে পর্যন্ত ওই বৈঠক চলছিল।
জগদল ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লায়েক মিয়া বলেন, ‘শুনেছি সাজ্জাদ মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে করেছিল। পরে থানায় নিয়ে আসার সময় তার আত্মীয় স্বজনরা তাকে ছিনিয়ে নিয়ে গেছে।‘ তবে হাতকড়াটি পুলিশের কাছেই রয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে হামলার শিকার উপপরিদর্শক (এসআই) হেলাল মিয়া ও এ এসআই বিল্লাল দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসারত ডা. প্রশান্ত দাস তালুকদার।
দিরাই থানার ওসি এনামুল হক বলেন, ‘দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পথে সংঘবদ্ধভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসামিকে ছিনিয়ে নিয়েছে তার আত্মীয়রা। এই ঘটনায় নতুন করে মামলা রুজু হচ্ছে। আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।’
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি 








