মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

সংবাদ সম্মেলনে এনসিপি সিলেট মহানগরীর আহ্বায়ক আফজাল

'ক্ষমতা নয়, সেবার রাজনীতিতে বিশ্বাসী এনসিপি'

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১৮/১২/২০২৫ ০৩:২২:১২ অপরাহ্ন

'ক্ষমতা নয়, সেবার রাজনীতিতে বিশ্বাসী এনসিপি'


জাতীয় নাগরিক পার্টির সিলেট মহানগর কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ আব্দুর রহমান আফজাল বলেছেন, “জাতীয় নাগরিক পার্টি ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতিতে বিশ্বাসী। স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিকতার ভিত্তিতেই আমাদের রাজনৈতিক পথচলা।”


বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিলেট মহানগরীর দরগা গেইট এলাকায় অবস্থিত একটি অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা বলেন।


লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, সিলেট মহানগরে একটি সুশৃঙ্খল, জনবান্ধব, গণতান্ত্রিক ও নীতিনিষ্ঠ রাজনৈতিক সংগঠন গড়ে তোলাই জাতীয় নাগরিক পার্টির মূল লক্ষ্য। 


তিনি উল্লেখ করেন, এনসিপি রাজনীতিকে জনগণের অধিকার আদায়ের মাধ্যম হিসেবে দেখে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে নয়।


সিলেট মহানগরের বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, জলাবদ্ধতা, যানজট, মাদকাসক্তি, যুব বেকারত্ব, ভূমি দখল ও নাগরিক সেবার অব্যবস্থাপনার মতো সমস্যায় নগরবাসী জর্জরিত। এসব সমস্যা সমাধানে গণমানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও সুসংগঠিত কর্মসূচির মাধ্যমে কাজ করার অঙ্গীকার করেন তিনি। পাশাপাশি প্রশাসনের সঙ্গে গঠনমূলক সহযোগিতার মাধ্যমে জনগণের ন্যায্য দাবি জোরালোভাবে তুলে ধরার কথাও জানান।


গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এনসিপির কার্যক্রম এবং জনগণের বাস্তব চিত্র দেশবাসীর সামনে তুলে ধরার প্রত্যাশা তাদের।


সবশেষে সিলেট মহানগরের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি নতুন, পরিচ্ছন্ন ও জনকল্যাণমুখী রাজনৈতিক ধারার জন্য জাতীয় নাগরিক পার্টির পাশে থাকার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক,নবগঠিত মহানগর কমিটির সদস্য সচিব মো: কিবরিয়া সারোয়ার।

আজকের সিলেট/প্রেবি/এএসআর

সিলেটজুড়ে


মহানগর