সুনামগঞ্জের জগন্নাথপুরে অবৈধভাবে আর্থিক লেনদেনের মাধ্যমে দীর্ঘদিন ধরে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যে সংযোজন-বিয়োজনসহ বায়োমেট্রিক জালিয়াতির অভিযোগে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান ৫০) সহ এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অপরজন ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলম (৪০)।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, সোমবার বিকেলে ঢাকা নির্বাচন কার্যালয়ে এনআইডি শাখার সহকারী পরিচালক আমিনুল ইসলামের নেতৃত্বে একটি তদন্তকারী দল জগন্নাথপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে এনআইডি দুর্নীতি অভিযোগে তদন্তে আসে। তদন্ত কার্যক্রমে বিভিন্ন নথিপত্রসহ ডকুমেন্টরি পর্যবেক্ষণ করে এনআইডি সংক্রান্তে তথ্য সংযোজন-বিয়োজন এবং বায়োমেট্রিক জালিয়াতিতে ওই কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে তথ্য প্রমাণ পায়। পরে তদন্তকারী ওই কর্মকর্তা থানায় খবর দিলে পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
জগন্নাথপুর থানার ওসি রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচন কর্মকর্তা ও কর্মচারী রাত থেকে পুলিশ হেফাজতে রয়েছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
সংবাদদাতা 








