কেউ যেন বৃক্ষ নিধন করতে না পারে, সবাইকে সতর্ক থাকতে হবে : হুইপ জি কে গউছ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১৭ PM

কেউ যেন বৃক্ষ নিধন করতে না পারে, সবাইকে সতর্ক থাকতে হবে : হুইপ জি কে গউছ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৭/২০২৬ ০৬:২৮:১৯ PM

কেউ যেন বৃক্ষ নিধন করতে না পারে, সবাইকে সতর্ক থাকতে হবে : হুইপ জি কে গউছ


হবিগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষে জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছ এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছেন। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। পাশাপাশি গাছের পরিচর্যাও নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে মুক্তির একমাত্র উপায় গাছ লাগানো। গাছ যেন কেউ নিধন করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’

রোববার দুপুরে হবিগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলায় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছ এমপি। জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. তারেক মাহমুদ, সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি এনামুল হক। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। পরে শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। সাত দিনব্যাপী এ মেলা চলবে।

মেলায় ১৫টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও ফুলের গাছ প্রদর্শন এবং বিক্রির ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, বন বিভাগ, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর