সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১৭ PM

সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬/০৭/২০২৬ ০৬:২০:২১ PM

সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস


কুশিয়ারা নদীর পানি কমতে শুরু করায় সেখানকার বন্যা পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

তবে আগামী তিন দিনে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি ছয় জেলার নিচু এলাকাকে প্লাবিত করতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, গেল ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমেছে, যার ধারাবাহিকতা আগামী তিন দিন থাকতে পারে।

এসময়ে সিলেট জেলায় কুশিয়ারা লাগোয়া নিচু এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

দেশের নদ-নদীগুলোর মধ্যে বর্তমানে কেবল কুশিয়ারার পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে।

রোববার সকাল ৯টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারার পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

বন্যা সতর্কতায় বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি কমেছে, স্থিতিশীল রয়েছে গঙ্গা-পদ্মা নদীর পানি। তবে আগামী তিনদিন গঙ্গা-পদ্মার পানি বাড়তে পারে।

এসময়ে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। তাতে করে নদী লাগোয়া নিচু এলাকার কোথাও কোথাও প্লাবিত হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমেছে। এসব নদীর পানি আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।

এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পাশের উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।

এর প্রভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর