সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:২৪ PM

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১/০৬/২০২৬ ০৩:২৩:১৮ PM

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু


সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে।

সোমবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সর্বশেষ মারা যাওয়া শিশুটির বয়স ১৭ মাস। তার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়। হামের উপসর্গ নিয়ে তাকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় তার মৃত্যু হয়।

এদিকে, হামের প্রাদুর্ভাব এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৭৮ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৫৬ জন রোগী।

তবে স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংগ্রহ করা নমুনা পরীক্ষায় নতুন করে কারও শরীরে হাম শনাক্ত হয়নি।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মোট ৬১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে মারা গেছে ৪ শিশু। বাকি ৫৭ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর