ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর লাউয়াছড়া জাতীয় উদ্যান
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৩৪ PM

ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর লাউয়াছড়া জাতীয় উদ্যান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩১/০৫/২০২৬ ০৫:২৪:২২ PM

ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর লাউয়াছড়া জাতীয় উদ্যান


ঈদুল আজহার টানা ছুটিতে প্রকৃতিপ্রেমী পর্যটকদের ভিড়ে মুখর হয়ে উঠেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান। ঈদের তৃতীয় দিন রোববার সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজারো দর্শনার্থীর পদচারণায় উদ্যানজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

ঈদুল আজহার ছুটির শেষ দিনে সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে পর্যটকদের ভিড় বাড়তে থাকে বনের প্রবেশপথ ও ভেতরের ট্রেইলগুলোতে। সবুজ অরণ্য, পাহাড়ি পথ এবং উঁচু-নিচু টিলার সৌন্দর্য উপভোগ করতে দেখা যায় নানা বয়সী দর্শনার্থীদের। শিশু, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য ফিরে পায় জাতীয় উদ্যানটি।

স্থানীয়রা জানান, ঈদের দিন বিকেল থেকেই লাউয়াছড়ায় পর্যটকদের আনাগোনা শুরু হয়। পরবর্তী দুই দিনে সেই ভিড় আরও বেড়ে যায়। শুধু লাউয়াছড়া নয়, কমলগঞ্জের অন্যান্য দর্শনীয় স্থানেও পর্যটকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

উদ্যানের সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমিনা বেগম বলেন, “ঈদের ছুটিতে লাউয়াছড়ায় পর্যটকের সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। বনের পরিবেশ রক্ষা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বনকর্মী ও সিপিজি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।”

সরেজমিনে দেখা যায়, লাউয়াছড়ার পাশাপাশি কমলগঞ্জের মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ, হামহাম জলপ্রপাত, মণিপুরি পল্লী, খাসিয়াপুঞ্জি এবং আশপাশের চা-বাগানগুলোতেও পর্যটকদের ব্যাপক উপস্থিতি রয়েছে।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ ও ট্যুরিস্ট পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। একই সঙ্গে বনের পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে দর্শনার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ঢাকা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা রতন কুমার দে বলেন, “পরিবার নিয়ে এখানে এসে খুব ভালো লাগছে। লাউয়াছড়ার প্রাকৃতিক পরিবেশ সত্যিই অসাধারণ।”

ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা পর্যটক রাহেলা বলেন, “চা-বাগান, মণিপুরি পল্লীসহ পুরো এলাকা ঘুরে দেখেছি। প্রকৃতির মাঝে সময় কাটিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে।”

লাউয়াছড়া জাতীয় উদ্যানের টিকিট কালেক্টর অজানা আহমেদ কামরান জানান, ঈদের প্রথম দুই দিনে পর্যটকের চাপ তুলনামূলক কম থাকলেও তৃতীয় দিন থেকে দর্শনার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পর্যটকদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের উপপরিদর্শক আশরাফুল আলম বলেন, “ঈদের ছুটিতে পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সব পর্যটনকেন্দ্রে পুলিশ মোতায়েন রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।”

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর