জৈন্তাপুর উপজেলার তামাবিল মহাসড়কের সারিঘাট দক্ষিণ বাজার এলাকায় নোহা গাড়ির চাপায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন- গোয়াইনঘাট উপজেলার লাফনাউট এলাকার ফাদলীপুর গ্রামের বাসিন্দা সৈয়দুর রহমান (৬০)। তিনি ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে। নিহত সৈয়দুর রহমান ৬ কন্যা সন্তানের পিতা ছিলেন।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়াইনঘাটগামী সাফা মারওয়া পরিবহনের একটি বাস (সিলেট ব-১১-০১৫৯) সারিঘাট দক্ষিণ বাজার এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় বাসটির পেছনে অবস্থানরত পথচারী সৈয়দুর রহমানকে জাফলংগামী একটি নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৩-৬৬২০) চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী সিলেটভিউ-কে জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক নোহা গাড়িটি আটক করে। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আজকের সিলেট/এপি









