রমজানে কলার দাম চড়া
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২১ PM

রমজানে কলার দাম চড়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/০২/২০২৬ ০৬:৩১:৩৭ PM

রমজানে কলার দাম চড়া

ছবি : মো. সোহেল মিয়া


আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। আত্মশুদ্ধি ও সংযমের এ সিয়াম সাধনার মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে ইতোমধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে কলার বাজারে দেখা দিয়েছে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা।

বুধবার বিকেলে বন্দরবাজার এলাকায় এমন দৃশ্য দেখা যায়।

নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কয়েক দিন আগেও প্রতি হালি কলা যেখানে বিক্রি হয়েছে ২০ থেকে ২৫ টাকায়, সেখানে রমজান ঘনিয়ে আসতেই তা বেড়ে দাঁড়িয়েছে প্রতি হালি ৪০ থেকে ৬০ টাকায়। কিছু কিছু স্থানে এর চেয়েও বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। হঠাৎ এমন মূল্যবৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যআয়ের মানুষ।

ক্রেতাদের অভিযোগ, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়িয়ে দেন। বিশেষ করে ইফতারে চাহিদা বেশি থাকে—এমন পণ্যের ক্ষেত্রে এ প্রবণতা বেশি দেখা যায়। কলা ইফতারের জনপ্রিয় একটি ফল হওয়ায় এর চাহিদা বেড়েছে, আর সেই সুযোগেই দাম বাড়ানো হয়েছে বলে মনে করছেন অনেকে।

অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারেই কলার দাম বেড়েছে। পরিবহন খরচ ও সরবরাহ কম থাকায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। তবে বাজারে সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন কয়েকজন বিক্রেতা।

ভোক্তারা বলছেন, রমজানকে কেন্দ্র করে বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের নজরদারি বাড়ানো জরুরি। অসাধু সিন্ডিকেট ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের কষ্ট আরও বাড়বে।

এদিকে সচেতন মহল মনে করছে, পবিত্র রমজানের চেতনাকে ধারণ করে ব্যবসায়ীদেরও উচিত ন্যায্য লাভে পণ্য বিক্রি করা এবং বাজারে স্বস্তি ফিরিয়ে আনা।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর