সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাসচাপায় আবুল হোসেন (২৭) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত আবুল হোসেন জকিগঞ্জ উপজেলার শেখপাড়া চাঁদ শ্রীকোণা গ্রামের মোশাইদ আলীর ছেলে। তিনি হবিগঞ্জের বাহুবল থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
রোববার সকাল ১১টার দিকে গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর নামক স্থানে সিলেটগামী বাস বিপরীত থেকে আসা মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য আবুল হোসেনকে চাপা দিলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে মারা যান।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি আবুল হোসেন পাঁচ দিনের ছুটিতে সিলেটে আসেন। পরবর্তীতে অসুস্থতার কারণে তিনি সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। আজ চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় তিনি মারা গেলেন।
গোলাপগঞ্জ থানার ওসি মাছুদুল আমিন বিষয়টি নিশ্চিত করে আজকের সিলেটকে বলেন, বাস ও নোহাটি পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আজকের সিলেট/পিএ









