বিয়ানীবাজার উপজেলায় একই দিনে পৃথক দুই ইউনিয়নে ঘটে গেছে দুটি মর্মান্তিক দুর্ঘটনা। এতে এক বৃদ্ধ ও সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মাথিউরা ইউনিয়নের পুরুষপাল গ্রামের নুর উদ্দিন নুরই (৬৪) এবং কুলাউড়া উপজেলার পশ্চিম মনসুর এলাকার শিশু মুনতাহা আক্তার।
বুধবার উপজেলার মাথিউরা ও মুড়িয়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মাথিউরা ইউনিয়নের পুরুষপাল গ্রামে আম গাছ থেকে পড়ে নুর উদ্দিন নুরই নিহত হন। তিনি একটি বাড়িতে আম পাড়তে গিয়েছিলেন। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে পা পিছলে পাশের একতলা ঢালাই করা দোকানঘরের ছাদের ওপর পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
অপরদিকে উপজেলার মুড়িয়া ইউনিয়নের সারপার গ্রামে পানিভর্তি বালতিতে পড়ে মুনতাহা আক্তার নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মুনতাহা ইকবাল হোসেন ও কুলসুমা দম্পতির মেয়ে।
নিহতের মামা জানান, মুনতাহার মা তার বোনের বাসায় গৃহস্থালির কাজ করছিলেন। এ সময় বাসায় অন্য কেউ না থাকায় মায়ের অগোচরে শিশুটি বাথরুমে ঢুকে পানিভর্তি বালতিতে পড়ে যায়। পরে তার বড় বোন বিষয়টি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের ডাক দিলে দ্রুত শিশুটিকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানার ওসি মো. ওমর ফারুক জানান, নুর উদ্দিন নুরইয়ের মৃত্যুর ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া শিশু মুনতাহার মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
বিয়ানীবাজার প্রতিনিধি 








