হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস চলাচলে বাধা ও বাস আটকে রাখার প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের আশ্বাস ও সাধারণ যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে গতকাল মঙ্গলবার গভীর রাতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার সকাল থেকে মহাসড়ক দিয়ে হবিগঞ্জ-সিলেট রুটে হবিগঞ্জ থেকে সিলেট রুটে বিরতিহীন বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে মঙ্গলবার সকাল থেকে হবিগঞ্জ থেকে সিলেটসহ কোনো রুটে বাস ছেড়ে যায়নি। আকস্মিক বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। জরুরি প্রয়োজনে অনেককে বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।
তবে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুহেল চৌধুরী জানিয়েছেন, সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত শ্রীমঙ্গল-ভায়া-মৌলভীবাজার সড়কে বাস চলাচল বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, গত রোববার সকাল ৭টা থেকে মৌলভীবাজার মোটর মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম রিপনের নেতৃত্বে শেরপুর এলাকায় হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসগুলো আটকে রাখা হয়। এর প্রতিবাদেই হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। হবিগঞ্জ থেকে বাস চলাচল বন্ধ করার পর প্রশাসনের আশ্বাস এবং সাধারণ যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে মঙ্গলবার মধ্যে রাত থেকে আমাদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়। তবে সব বিষয় সমাধানের আগ পর্যন্ত শ্রীমঙ্গল ভায়া মৌলভীবাজার রোডে হবিগঞ্জের কোনো বাস চলবে না।
হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ বলেন, বাস চলাচল স্বাভাবিক হয়েছে৷ দুপক্ষ সম্মত হয়েছে।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








