সিলেটে লন্ডনে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ১৭ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মোঃ সোহেল আহমদ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি নগরের শামীমাবাদ এলাকার বাসিন্দা এবং ‘ইউকে সাকসেস’ নামক একটি প্রতিষ্ঠানের মালিক।
শনিবার (২ মে) গ্রেফতারের বিষয়টি মায়নুল জাকির নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশায় লন্ডনে যাওয়ার জন্য ভুক্তভোগী মোঃ আবু সাঈদ আসামির সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হন। চুক্তি অনুযায়ী ২৪ হাজার পাউন্ডের বিনিময়ে তাকে কেয়ার ভিসায় যুক্তরাজ্যে পাঠানোর কথা ছিল, যার বাংলাদেশি মূল্য প্রায় ৩৮ লাখ ৪০ হাজার টাকা।
অভিযোগে আরও বলা হয়, আসামির কথায় বিশ্বাস করে আবু সাঈদ ২০২৪ সালের নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে বিভিন্ন সময় ব্যাংক ও চেকের মাধ্যমে মোট ১৭ লাখ ৬৫ হাজার টাকা প্রদান করেন।
কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও আসামি ভিসা প্রদানের কোনো ব্যবস্থা করতে পারেননি। বরং টাকা ফেরতের জন্য একাধিকবার অনুরোধ করা হলে তিনি নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।
মামলায় উল্লেখ করা হয়, সর্বশেষ ২০২৫ সালের ৯ অক্টোবর বিকেলে আসামির অফিসে টাকা ফেরত চাইতে গেলে উত্তেজিত হয়ে সোহেল আহমদ সব অভিযোগ অস্বীকার করেন। এ সময় তিনি ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী ২০২৫ সালের ২৭ অক্টোবর কোতোয়ালী সি.আর মামলা নং-১৪২৩/২০২৫ দায়ের করেন।
মামলার এজাহারে আরও বলা হয়েছে, আসামি পূর্বপরিকল্পিতভাবে ভুয়া ভিসার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন এবং পরে তা অস্বীকার করে ভয়ভীতি প্রদর্শন করেছেন।
এ ঘটনায় মামলায় বিভিন্ন এলাকার ৯ জনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








