জকিগঞ্জ উপজেলার সরকারি একটি রাস্তা থেকে ইট লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জামায়াত নেতাসহ ছয়জনকে আটক করেছে টাস্কফোর্স। এ ছাড়া জব্দ করা হয়েছে বিপুল ইট।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার মুনশীবাজার, বলরামেরচক, আইয়র ও উত্তর আইয়রসহ আশপাশের গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান।
অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক। তবে এলাকাবাসীর দাবি, রাস্তাটি থেকে প্রায় চার লাখ ইট লুটপাট হয়েছে।
আটকদের মধ্যে মো. মাহফুজুল ইসলাম চৌধুরী জকিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।
উপজেলা প্রশাসন জানায়, সম্প্রতি উপজেলার ৮ নম্বর কসকনকপুর ইউনিয়নের মুনশীবাজার থেকে উত্তর আইয়র ভায়া হাজীগঞ্জ রাস্তার সরকারি ইট লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে ইট উদ্ধারে অভিযান চালায় টাস্কফোর্স।
ইউএনও মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, সরকারি রাস্তা থেকে ইট লুটপাটকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এ পর্যন্ত ছয়জনকে আটক এবং বিপুল ইট জব্দ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামায়াত নেতা আটকের বিষয়ে জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমির জালাল উদ্দীন বলেন, আমি ইউএনও অফিসে যাচ্ছি। গিয়ে বিস্তারিত বলতে পারব।
ওসি আব্দুর রাজ্জাক বলেন, আটকদের বিরুদ্ধে মামলা করা হবে। এখন পর্যন্ত ৪০ থেকে ৪৫ হাজার ইট উদ্ধার করা হয়েছে।
অভিযানে পুলিশ, বিজিবি, আনসার, পানি উন্নয়ন বোর্ডের সদস্য ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
জকিগঞ্জ প্রতিনিধি 








