জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে কোয়ারী থেকে সংগ্রহ করা পাথর মজুদ ও অবৈধ পাথর ক্রাশিংয়ের মাধ্যমে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার কদমখাল ও ৪নং বাংলাবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে অনুমোদন ছাড়া টিলার পাথর ক্রাশিংয়ের দায়ে দুটি ক্রাশার মিলকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ বিপন্ন করা ও জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টির অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-এর ৫৩ ধারায় এ জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা।
এ সময় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লাসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
অভিযানকালে দেখা যায়, কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই টিলা কেটে পাথর উত্তোলন ও ক্রাশিং কার্যক্রম পরিচালিত হচ্ছিল। এতে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা জানান,পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় টিলা কেটে পাথর উত্তোলন এবং কোয়ারীর অবৈধ পাথর ক্রাশিংয়ের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
জৈন্তাপুর প্রতিনিধি 








