হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ সদস্য ও বিএনপি নেতার পক্ষ নিয়ে দুইদল লোকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষ মিলিয়ে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের বিরাট উজানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ঈসমাইল হোসেন সরসের সঙ্গে একই ইউনিয়নের ইউপি সদস্য মুজিবুর রহমান মজুর দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সম্প্রতি এ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।
ইফতারের পর সরসপক্ষের নীলয় ও মজুপক্ষের বজলুরের মধ্যে বাগ-বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক নারী ও পুরুষ আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
যোগাযোগ করা হলে ঈসমাইল হোসেন সরস বলেন, ‘আহতদের নিয়ে ব্যস্ত আছি। পরে কথা বলব।’
অপরদিকে মুজিবুর রহমান মজু বলেন, ‘জলমহাল সংক্রান্ত বিরোধ নিয়ে নামাজে যাওয়ার পথে প্রতিপক্ষ আমার ছেলেকে মারধর করেছে।’ একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
আজমিরীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আকবর হোসেন বলেন, সন্ধ্যার দিকে দুই পক্ষের বাগ-বিতণ্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আহতদের মধ্যে দিলকুশ মিয়া (৪০), মহিবুর মিয়া (৪৫) ও বারাম মিয়াকে (৪৮) হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন জয়নাল আবেদীন (৫৫), সেকুল মিয়া (৪৮), রুমন মিয়া (২২), উজ্জ্বল মিয়া (২০), পাবেল মিয়া (২৪), হুসাইন মিয়া (২১), কাবিল হোসেন (৩৫), নিজাম উদ্দিন (৫৫), মহিবুল রহমানসহ (৪৫) আরও অনেকে।
আজকের সিলেট/ডি/এসটি
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 








