মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান প্রশাসনের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে বলেছেন, গাফিলতি ও অবহেলা তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেন এবং এ বিষয়ে তার অবস্থান ‘জিরো টলারেন্স’।
এমপির নাম ব্যবহার করে কেউ যেন অন্যায়ভাবে সুযোগ না নেয়-সে বিষয়ে সতর্ক করে তিনি বলেন, তদবির বাণিজ্যের কোনো সুযোগ নেই। উন্নয়ন ও প্রশাসনিক কাজ দ্রুতগতিতে সম্পন্ন করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. বিল্লাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
নাসের রহমান বলেন, সতেরো বছরের আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসককে উৎখাত করে গণতন্ত্র ফিরিয়ে এনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে।
তিনি বলেন, জনগণ ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় এনেছে।
ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হলে বিএনপি সব সময় জয়ী হবে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ এ ধরনের নির্বাচনে জিততে পারবে না বলেই অতীতে নির্বাচনের নাটক করে ক্ষমতা দখল করে বসেছিল বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, উন্নয়ন ও প্রশাসনিক কাজ অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে। আগে যে ধরনের ফাইল বন্ধ হয়ে পড়ে থাকা বা প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার প্রবণতা ছিল, সেখান থেকে বেরিয়ে আসতে হবে বলে উল্লেখ করেন তিনি।
নিজেকে ‘স্টেট ফরওয়ার্ড’ মানুষ হিসেবে উল্লেখ করে নাসের রহমান বলেন, তার যা বলার, তিনি সরাসরি বলে দেন। অনেক সময় কাউকে বিব্রত না করতে কিছু বিষয় সাময়িকভাবে স্থগিত রাখেন বলেও জানান তিনি। গাফিলতি ও অবহেলার বিষয়ে তিনি অত্যন্ত কঠোর অবস্থানে আছেন বলেও উল্লেখ করেন।
প্রশাসনে এমপির নাম ভাঙিয়ে কেউ ফায়দা নেওয়ার চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না বলে দৃঢ়ভাবে জানান তিনি। ‘আমি এমপি সাহেবের লোক’-এভাবে পরিচয় দিয়ে কোনো অন্যায় সুযোগ নেওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই বলে সতর্ক করেন তিনি।
নিয়মের বাইরে কোনো প্রস্তাব দেবেন না এবং অযাচিত প্রশাসনিক হস্তক্ষেপ করবেন না বলেও উল্লেখ করেন।
শহরের যানজট নিরসনে কুসুমবাগ পয়েন্টে যত্রতত্র পার্কিং বন্ধ, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং সড়ক দখলমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সংসদ সদস্য।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
মৌলভীবাজার প্রতিনিধি 








