শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে হাওরে গরু চারণ নিয়ে সংঘর্ষ, নিহত ২

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১০/২০২৬ ০৩:২০:৫৩ অপরাহ্ন

জগন্নাথপুরে হাওরে গরু চারণ নিয়ে সংঘর্ষ, নিহত ২


সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে গরু চারণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।

নিহত দুজন হলেন মতিউর রহমান ও মুজিবুর রহমান (৪৮)। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও চন্দ্রীহেমাদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুজিবুর রহমান।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, হাওরে গরু চারণ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি ও বিরোধ দেখা দেয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় মতিউর রহমানকে জমিতে ফেলে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মতিউর রহমানের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১০ জন আহত হন। তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। আহত মুজিবুর রহমানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সংঘর্ষের খবর পেয়ে জগন্নাথপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মঙ্গলবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল নিজ নিজ বাড়ি থেকে আবুল কাসেম (৫৫), সাছারুন (৪০), সেফালী বেগম (৩৫) ও বাহারুন বেগমকে (৫০) আটক করে।

জগন্নাথপুর থানার ওসি নুর হোসেন বলেন, সংঘর্ষে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। বুধবার সকালে তাঁদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কেউ লিখিত অভিযোগও দেননি।

তিনি আরও বলেন, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর