চা বাগান থেকে বিশাল দুই অজগর উদ্ধার
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩৮ PM

চা বাগান থেকে বিশাল দুই অজগর উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮/০৭/২০২৬ ০৪:৪০:১১ PM

চা বাগান থেকে বিশাল দুই অজগর উদ্ধার


মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থেকে বিশাল আকৃতির দুটি অজগর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগান ও কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ী চা বাগান থেকে এই সাপ দুটি উদ্ধার করা হয়।

জানা যায়, মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের ১৭ নম্বর সেকশনে চা শ্রমিকরা বাগানে কাজ করার সময় হঠাৎ একটি বিশাল আকৃতির অজগর দেখতে পান। সাপটি দেখে শ্রমিকরা আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে দেন।

পরবর্তীতে শ্রমিকরা বিষয়টি জাগছড়া চা বাগানের বাবু সেলিম মিয়াকে অবহিত করলে তিনি বনবিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও বনবিভাগের সদস্যদের যৌথ অভিযানে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন প্রায় ৩০ কেজি ছিল।

এদিকে কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ী চা বাগান থেকে ১৭ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে ক্রিয়েটিভ কনজারভেশন এলায়েন্স এর সদস্যরা। উদ্ধারকৃত অজগরটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘনঘন অজগর উদ্ধারের বিষয়ে স্থানীয়রা বলেন, খাবারের সংকটের কারণে বন থেকে সাপগুলো লোকালয়ে চলে আসে। এ জন্য প্রায় সময় বিশেষ করে শ্রীমঙ্গল উপজেলা থেকে অজগর উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সাপ দুটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অজগর সাপগুলো বনে অবমুক্ত করা হবে।’

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর