ইলিশ মাছের জালি কাবাব: ঘরেই তৈরি করুন ভিন্ন স্বাদের এই পদ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ PM

ইলিশ মাছের জালি কাবাব: ঘরেই তৈরি করুন ভিন্ন স্বাদের এই পদ

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ০৯/০৯/২০২৬ ০৮:৩৪:৪৬ AM

ইলিশ মাছের জালি কাবাব: ঘরেই তৈরি করুন ভিন্ন স্বাদের এই পদ


ইলিশ দিয়ে ভাতের সঙ্গে নানা পদ তো খাওয়া হয়ই। তবে প্রিয় এই মাছ দিয়েই যদি তৈরি করা যায় জালি কাবাব, তাহলে স্বাদে আসতে পারে দারুণ ভিন্নতা। দুপুরের খাবারের পাশাপাশি বিকেলের নাশতা কিংবা অতিথি আপ্যায়নেও রাখতে পারেন ইলিশ মাছের এই কাবাব। বাড়িতে থাকা পরিচিত কিছু উপকরণ দিয়েই সহজে তৈরি করা যায় পদটি। ইলিশের স্বাদকে একটু অন্যভাবে উপভোগ করতে চাইলে একবার তৈরি করে দেখতে পারেন এই জালি কাবাব।

উপকরণ

* ইলিশ মাছ সিদ্ধ — ১ কাপ
* আলু সিদ্ধ — ১ কাপ
* পেঁয়াজকুচি — ৪ টেবিল চামচ
* আদা — ১ চা চামচ
* রসুনবাটা — ১ চা চামচ
* ধনে গুঁড়া — ১ চা চামচ
* জিরা গুঁড়া — ১ চা চামচ
* ধনে ও পুদিনা পাতা কুচি — ৪ টেবিল চামচ
* কাঁচা মরিচ কুচি — ২ টেবিল চামচ
* টমেটো সস — ২ টেবিল চামচ
* ডিম — ১টি
* কর্নফ্লাওয়ার — ২ টেবিল চামচ
* লেবুর রস — ১ চা চামচ
* সয়াবিন তেল — পরিমাণমতো
* লবণ ও চিনি — স্বাদমতো

যেভাবে তৈরি করবেন

প্রথমে ইলিশ মাছ সামান্য লবণ ও পানি দিয়ে সিদ্ধ করে নিন। মাছ ঠান্ডা হয়ে এলে ভালোভাবে কাঁটা বেছে মাংস আলাদা করে রাখুন। অন্যদিকে সিদ্ধ আলুর খোসা ছাড়িয়ে গ্রেট করে নিন। এবার একটি বড় পাত্রে কাঁটা ছাড়ানো ইলিশ ও গ্রেট করা আলু নিন। এর সঙ্গে ডিম বাদে তালিকায় থাকা সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি মসৃণ ও নরম হয়েছে কি না খেয়াল করুন। এরপর হাতে অল্প তেল মেখে মিশ্রণ থেকে পছন্দমতো আকারের কাবাব তৈরি করুন। সব কাবাব বানানো হয়ে গেলে প্রায় ৩০ মিনিট রেখে দিন। এতে কাবাবের মিশ্রণ কিছুটা শক্ত হয়ে সেট হবে।

অন্য একটি পাত্রে ডিম ফেটে নিন। তাতে ১ টেবিল চামচ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর কড়াইয়ে পরিমাণমতো সয়াবিন তেল দিয়ে মাঝারি আঁচে গরম করুন। একেকটি কাবাব ডিমের মিশ্রণে ভালোভাবে ডুবিয়ে গরম তেলে দিয়ে দিন। দুই পাশ উল্টে-পাল্টে ভাজতে থাকুন। কাবাবের বাইরের অংশ সোনালি ও হালকা মুচমুচে হয়ে এলে তেল থেকে তুলে নিন। সবশেষে ভাজা কাবাবের অতিরিক্ত তেল ঝরিয়ে সার্ভিং ডিশে সাজিয়ে নিন। পেঁয়াজের রিং, শসা, টমেটো বা পছন্দের সালাদের সঙ্গে গরম গরম পরিবেশন করুন ইলিশ মাছের জালি কাবাব।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর